নির্বাচনে ভরাডুবির জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন ট্রাম্প
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৬:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রত্যাশিত ফল না পাওয়ার পেছনে ইরান যুদ্ধের প্রভাব রয়েছে বলে মনে করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর দাবি, ইরানের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের গুরুত্ব মার্কিন ভোটাররা বুঝতে পেরেছেন। নির্বাচনের ফল নিয়ে কিছুটা বিস্ময়ও প্রকাশ করেছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচনে রিপাবলিকানদের আসন হারানোর পেছনে ইরান যুদ্ধের ভূমিকা ছিল কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এর একটি অংশ ছিল ইরান, তবে একই সঙ্গে মানুষ ইরানের সঙ্গে আমি যা করেছি তার গুরুত্ব বুঝতে পেরেছে।’
তিনি আরও বলেন, ‘ঐতিহাসিকভাবে এটি আজকের সন্ধ্যার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ আপনি এক নম্বর সন্ত্রাসবাদী পৃষ্ঠপোষক রাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারেন না।’
ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের মধ্যেও মতভেদ
মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান যুদ্ধ ছিল অন্যতম আলোচিত বিষয়। তেলের দাম বেড়ে যাওয়ায় অনেক মার্কিন নাগরিক মনে করেছিলেন, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের হামলায় অংশ নেওয়ার প্রয়োজন ছিল না।
এ নিয়ে ট্রাম্পের সমর্থকদের মধ্যেও মতভেদ তৈরি হয়। টাকার কার্লসনের মতো পরিচিত ব্যক্তিরা ইরান ইস্যুতে দলের অবস্থান থেকে সরে আসায় রিপাবলিকান শিবিরে এ বিতর্ক আরও জোরালো হয়।
নির্বাচনের ফল নিয়ে বিস্মিত ট্রাম্প
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ফল নিয়ে কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি কিছুটা অবাক হয়েছি। আমি ভেবেছিলাম তারা আরও ভালো করবে।’
অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ডেমোক্র্যাটরা ইতোমধ্যে ৫২টি আসন নিয়ে সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে। অন্যদিকে, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ১৯৩টি আসন নিশ্চিত করে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে দলটি।
নির্বাচনের আগে নিজের প্রচারণার সাফল্যের কথা তুলে ধরে ট্রাম্প বলেন, ‘আমাদের বিশাল সমাবেশ ছিল। আমাদের প্রায় ৩০টি সমাবেশ ছিল। ভেতরে তো জায়গা ছিলই না, বাইরে হাজার হাজার মানুষ ছিল যারা ঢুকতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘আমি ভেবেছিলাম আমি সেই মানুষগুলোকে প্রার্থীদের দিকে স্থানান্তরিত করতে পারব।’
ডারলিন গ্রাহামের পরাজয়ে দুঃখ প্রকাশ
কিছু রিপাবলিকান প্রার্থী জয়ী হলেও সাউথ ক্যারোলাইনায় ডারলিন গ্রাহামের পরাজয়ে দুঃখ প্রকাশ করেছেন ট্রাম্প। প্রয়াত লিন্ডসে গ্রাহামের বোন ডারলিনকে নির্বাচনে সমর্থন দিয়েছিলেন তিনি।
ট্রাম্প বলেন, ডারলিনের জন্য তাঁর খারাপ লাগছে। কারণ, তাঁকে একই সঙ্গে শোক পালন ও নির্বাচনী প্রচারণা চালাতে হয়েছে।
নির্বাচনের ফল মেনে নেওয়ার কথা ট্রাম্পের
ভোটের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে নির্বাচনের বিষয়ে ট্রাম্পের বক্তব্যেও পরিবর্তন এসেছে। শুরুতে তিনি দাবি করেছিলেন, ব্যালটে তাঁর নাম থাকলে রিপাবলিকানরা ‘ভূমিধস জয়’ পেত। হোয়াইট হাউস থেকেও একই ধরনের বক্তব্য দেওয়া হয়।
পরে নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি নির্বাচনের ফল মেনে নেবেন।
ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে কংগ্রেস গেলে কী করবেন ট্রাম্প
প্রেসিডেন্সির শেষ দুই বছরে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন ট্রাম্প। তিনি ‘মি. ভিটো’ হিসেবে ভূমিকা পালন করবেন এবং তাঁর কাছে পাঠানো প্রতিটি আইন বাতিল করার পরিকল্পনা করছেন।
নির্বাচনের ফল গণনার সময় ‘ভিটো’ লেখা একটি লাল টুপির ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন ট্রাম্প। এর মাধ্যমে কংগ্রেসের সঙ্গে আগামী দিনগুলোতে তাঁর অবস্থান কী হতে পারে, সে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি।
১৪৭ বার পড়া হয়েছে