‘ভোটাররা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হব’: ট্রাম্প
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
মার্কিন ভোটাররা তাঁর ওপর বিরক্ত হয়ে গেলে ইসরায়েলে চলে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী হওয়ার কথা রসিকতা করে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েলে তাঁর জনসমর্থন ৯৯ শতাংশ বলে দাবি করেছেন তিনি। তবে সাক্ষাৎকারে ইসরায়েলকে দেওয়া মার্কিন আর্থিক সহায়তা বন্ধের ঘোষণাও দিয়েছেন ট্রাম্প।
কানাডার সংবাদমাধ্যম ইয়াহু লাইফস্টাইলের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৩ নভেম্বর) ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।
সাক্ষাৎকারে ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলে তিনি অত্যন্ত জনপ্রিয়। যুক্তরাষ্ট্রের মানুষ তাঁর ওপর বিরক্ত হয়ে গেলে তিনি ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে যাবেন।
ট্রাম্প বলেন, ‘ইসরায়েলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ যদি আমার ওপর বিরক্ত হয়ে যায়, তাহলে আমি ইসরায়েলে চলে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে যাব।’
ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের ঘোষণা
একই সাক্ষাৎকারে ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বন্ধের বিষয়েও কথা বলেন ট্রাম্প।
তিনি জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে তাঁর একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলার আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র।
ট্রাম্পের দাবি, ইসরায়েলের এখন আর এই অর্থের প্রয়োজন নেই।
১৪০ বার পড়া হয়েছে