সর্বশেষ

সারাদেশ

আন্দোলনের তৃতীয় দিন

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আশুলিয়ায় কারখানায় হামলা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৭:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মজুরি বৃদ্ধির দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। এদিকে নারায়ণগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। অন্যদিকে, ঢাকার সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে মুখোশধারী বহিরাগতরা। পৃথক এসব ঘটনায় শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে।

নারায়ণগঞ্জে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের আবারও সংঘর্ষ হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে সদর উপজেলার ফতুল্লা থানার কাঠেরপুল এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের উদ্দেশ্যে শ্রমিকেরা জড়ো হলে পুলিশ বাধা দেয়। পরে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা থেকে কাঠেরপুল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা আগের দুই দিনের মতো লিংক রোড অবরোধের উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে সোমবার পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ফতুল্লার কয়েকটি কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। ওই দিন শিবু মার্কেট এলাকায় বিক্ষোভ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করা হলে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় সড়কের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

মঙ্গলবার দ্বিতীয় দিনের আন্দোলনে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুপুরে শিবু মার্কেট এলাকায় জড়ো হওয়ার পর শ্রমিকেরা জালকুড়ি এলাকায় যান। বিকেল সোয়া ৪টার দিকে সেখানে পুলিশ ও বিজিবির সঙ্গে তাঁদের সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল ছোড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ছয় শ্রমিককে গ্রেপ্তার করা হয়। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

মঙ্গলবার সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, ঢাকার সাভারের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নেক্সট কালেকশন লিমিটেড নামের একটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে বহিরাগতরা। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় কারখানার এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে সিসি ক্যামেরা, একটি গাড়ি ও বিদ্যুৎ সংযোগের সরঞ্জাম।

কারখানাটির নির্বাহী পরিচালক মো. শাহাবুদ্দিন সমকালকে বলেন, কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বের হয়ে যান। এরপর কয়েকজন বহিরাগত মুখোশ ও হেলমেট পরে হাতে লাঠি নিয়ে ভেতরে প্রবেশ করেন। তাঁরা কারখানায় ভাঙচুর চালানোর পাশাপাশি এক নিরাপত্তাকর্মীর মাথায় আঘাত করেন।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নেক্সট কালেকশন লিমিটেডে প্রায় সাড়ে পাঁচ হাজার শ্রমিক কাজ করেন বলে জানান নির্বাহী পরিচালক।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে নারায়ণগঞ্জ ও আশুলিয়ায় এসব ঘটনা ঘটেছে। শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০