সর্বশেষ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অধিকাংশ অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রাথমিক ফলাফলও আসতে শুরু করেছে। তবে টেক্সাস, মিশিগান ও মেইনসহ কয়েকটি অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে নির্বাচনের ফলাফল নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারণে এবারের নির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী ধাপে ধাপে বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন পর্যন্ত কানেকটিকাট, আলাবামা, ডেলাওয়্যার, ইলিনয়, মেইন, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিশিগান, মিসৌরি, নিউ জার্সি, ওকলাহোমা, পেনসিলভানিয়া, রোড আইল্যান্ড, সাউথ ডাকোটা, টেক্সাস, ওয়াশিংটন ডিসি, মিসিসিপি, কানসাস ও টেনেসিতে ভোটগ্রহণ শেষ হয়েছে।

এরপর আরকানসাস, আইওয়া, লুইজিয়ানা, মিনেসোটা, নেব্রাস্কা, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, উইসকনসিন, ওয়াইয়োমিং, কলোরাডো ও অ্যারিজোনায় ভোটগ্রহণ শেষ হয়। কেবল আলাস্কায় ভোট গ্রহণ চলছে।

এবারের নির্বাচনে বিশেষ নজর রয়েছে টেক্সাস, মিশিগান ও মেইন অঙ্গরাজ্যের দিকে। এই তিন অঙ্গরাজ্যে প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

টেক্সাসে গত ৩০ বছরে কোনো ডেমোক্র্যাট প্রার্থী সিনেটর নির্বাচিত হননি। এবার সেই ইতিহাস বদলাতে চান সাবেক স্কুলশিক্ষক জেমস টালারিকো। ট্রাম্প-সমর্থিত রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের সঙ্গে তাঁর হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইদ ও রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের প্রতিদ্বন্দ্বিতা আলোচনায় এসেছে। রোববার শেষ মুহূর্তে এল-সাইদের ডেমোক্র্যাট প্রাইমারির প্রতিদ্বন্দ্বী রজার্সকে সমর্থন জানান।

অন্যদিকে মেইন অঙ্গরাজ্যের বর্তমান সিনেটর সুসান কলিন্সও কঠিন নির্বাচনী লড়াইয়ের মুখে রয়েছেন। রিপাবলিকান দলের এই সিনেটর একসময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছিলেন। ডেমোক্র্যাটদের প্রাধান্য থাকা এই অঙ্গরাজ্যে নিজের আসন ধরে রাখতে তাঁকে প্রতিদ্বন্দ্বী ট্রয় জ্যাকসনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হয়েছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে কংগ্রেসের দুই কক্ষ—প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। বর্তমানে উভয় কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে ডেমোক্র্যাটরা অন্তত একটি কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে।

ভোট গণনা শুরুর পর বিভিন্ন জায়গা থেকে প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী মার্ক ওয়ার্নারকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারণে আলাস্কা, আইওয়া, কানসাস, মেইন, মিশিগান, ওহাইও ও টেক্সাসের ফলাফল গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এসব অঙ্গরাজ্যে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেশ কাছাকাছি।

তবে ভোট গণনা শুরু হলেই সব আসনের ফলাফল দ্রুত জানা যাবে, এমন নয়। অঙ্গরাজ্যভেদে ভোট গণনার পদ্ধতি ও সময়ের পার্থক্য রয়েছে। কোনো কোনো অঙ্গরাজ্যে ভোটকেন্দ্র বন্ধ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অধিকাংশ ভোট গণনা শেষ হয়। আবার কোথাও ডাকযোগে পাঠানো ও আগাম ভোটের ব্যালট গণনায় বেশি সময় লাগে।

বিশেষ করে মেইন ও আলাস্কার মতো অঙ্গরাজ্যে নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানতে দেরি হতে পারে। কোনো আসনে প্রার্থীদের মধ্যে ব্যবধান খুব কম থাকলে বিজয়ী ঘোষণা করতেও সময় প্রয়োজন হয়। ফলে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাচ্ছে, তা নিশ্চিত হতে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

এদিকে প্রযুক্তিগত ত্রুটি, প্রতিকূল আবহাওয়া ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণে বিঘ্ন ঘটেছে।

ফ্লোরিডার ব্রোওয়ার্ড কাউন্টির বিভিন্ন ভোটকেন্দ্রে নতুন নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় ভোটগ্রহণ শুরু হতে ২০ মিনিট দেরি হয়।

অন্যদিকে ব্যাপক প্রযুক্তিগত ত্রুটির খবর পাওয়ার পর নর্থ ক্যারোলাইনার সাতটি কাউন্টিতে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে রাজ্যটির নির্বাচন বোর্ড।

নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতে ভোট গণনায় সমস্যা দেখা দিয়েছে। ভোটগ্রহণের সরঞ্জাম প্রস্তুত ও পরীক্ষা করার পর একটি সফটওয়্যার হালনাগাদ করা হয়েছিল। এর ফলে এই সমস্যা তৈরি হয়।

অ্যারিজোনার মারিকোপা কাউন্টির একটি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভোটকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। তবে বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানানো হয়নি।

এ ছাড়া পেনসিলভানিয়ার কয়েকটি কাউন্টিতে ভোটগ্রহণের যন্ত্রপাতি স্থাপনে সমস্যার কারণে ভোট দেওয়ার সময় ৩০ মিনিট বাড়ানো হয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০