পুলিশের গুরুত্বপূর্ণ পদে রদবদল, এসআরবিতে নতুন ডিজি
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ২:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল করেছে সরকার। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক (ডিজি) করা হয়েছে হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদকে। এ ছাড়া শিল্প পুলিশের প্রধানসহ পুলিশের বিভিন্ন ইউনিটে নতুন দায়িত্ব পেয়েছেন একাধিক কর্মকর্তা।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে পুলিশের এসব পদায়ন ও বদলির তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি, সাবেক র্যাব) বর্তমান মহাপরিচালক আহসান হাবীব পলাশকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে পুলিশ টেলিকম সংস্থায় বদলি করা হয়েছে।
এ ছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
১৪১ বার পড়া হয়েছে