আইপিএলে খেলার গুঞ্জন নাকচ করলেন মোহাম্মদ আমির
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৯:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরকে ঘিরে। তবে আইপিএলে অংশ নেওয়ার গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি। আমির জানিয়েছেন, আসন্ন আইপিএল নিলামে নাম নিবন্ধনের কোনো পরিকল্পনা তাঁর নেই।
ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) নাম নিবন্ধন করেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। এরপরই তাঁর আইপিএলে খেলার সম্ভাবনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।
তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছেন আমির। সেখানে তিনি লিখেছেন, ‘আমি স্পষ্ট করে জানাতে চাই, আইপিএল নিয়ে ছড়িয়ে পড়া খবর সত্য নয়।’
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকেও আমির জানিয়েছেন, আইপিএলের নিলামে তিনি নাম নিবন্ধন করবেন না। অর্থাৎ, ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর আইপিএলে খেলার সুযোগ তৈরি হলেও আপাতত এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই তাঁর।
নিয়ম অনুযায়ী, পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএলে খেলার সুযোগ নেই। তবে আমিরের ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর তাঁর আইপিএলে অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে আলোচনা শুরু হয়। নিজের বক্তব্যে সেই জল্পনার অবসান ঘটিয়েছেন পাকিস্তানের সাবেক এই পেসার।
এর আগে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদ ইংল্যান্ডের নাগরিক হিসেবে আইপিএলে খেলেছেন। পাকিস্তানি ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা থাকলেও ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।
১৩৬ বার পড়া হয়েছে