মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধায় মেহেরপুরে প্রতিবাদ
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পিরোজপুরে নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
সোমবার (২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মেহেরপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। যাঁদের অসীম ত্যাগ ও আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পিরোজপুরের এই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মেহেরপুর জেলা ইউনিট কমান্ডের কমান্ডার শামসুল আলম সোনারের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদস্য সচিব আব্দুর রশিদ, জেলা ডেপুটি কমান্ডার মো. সিরাজুল ইসলাম, পৌর কমান্ডার জামিল উদ্দিন, সদর থানা কমান্ডার সিরাজুল ইসলাম, মুজিবনগর উপজেলা কমান্ডার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আহসান আলী খান, গাংনী উপজেলা কমান্ডার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, পিরোজপুর ইউনিয়ন কমান্ডার মো. ইদ্রিস আলী, থানা সদস্য চাঁদ আলী, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ও বীর মুক্তিযোদ্ধা রায়হানুল কবির।
এ ছাড়া মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড, মুজিবনগর শাখার সভাপতি মো. মোখলেছুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতারা কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশ থেকে নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সম্মান, মর্যাদা ও অধিকার অক্ষুণ্ন রাখার আহ্বান জানানো হয়।
১১৭ বার পড়া হয়েছে