ঝিনাইদহে জমির ওপর সেচের ফিতা নেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১০:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপায় সেচ পাম্পের ফিতা অন্যের জমির ওপর দিয়ে নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ১০টির বেশি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে এনামুল ও ওহাবের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের দীগলগ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেচ পাম্পের ফিতা অন্যের জমির ওপর দিয়ে নেওয়াকে কেন্দ্র করে সামাজিক মাতব্বর মাহাতাবের সমর্থকদের সঙ্গে কাশেম মাতব্বরের সমর্থকদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে মাহাতাবের সমর্থকেরা কাশেম মাতব্বরের সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে এনামুল ও ওহাবের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে হামলার ঘটনায় মুক্তার মোল্লা, কাশেম মোল্লা, ইনতাজ মোল্লা, মোন্তাজ মোল্লা, মিন্টু পুলিশ, লতিফ, ওহাব, তারিফ ও আরিফের বাড়িসহ অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা লতিফ মুন্সীর তিনটি গরু নিয়ে গেছেন। এ ছাড়া মিলন মোল্লার একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
১০৭ বার পড়া হয়েছে