মুন্সীগঞ্জে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
‘রক্তদানে জীবনের জয়গান, চক্ষুদানে আলোর সন্ধান’ প্রতিপাদ্য নিয়ে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা মানবিক কাজকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান।
সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. নূর হোসেন নির্ঝর, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মোহা. সালেহীন কবিরসহ রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নির্দিষ্ট সময় পরপর রক্তদান করলে শরীরে নতুন রক্তকণিকা তৈরি হয়। রক্তদান সংক্রান্ত সমাজে প্রচলিত ভুল ধারণা দূর করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। একজন মানুষের এক ব্যাগ রক্ত অন্যজনের জীবন বাঁচানোর পাশাপাশি দাতার আত্মিক প্রশান্তি নিশ্চিত করে।
মরণোত্তর চক্ষুদানের বিষয় তুলে ধরে তিনি আরও বলেন, মৃত্যুর পর চক্ষু প্রদানের মাধ্যমে দৃষ্টিহীন মানুষ নতুন পৃথিবীর আলো দেখতে পারেন। দিবসটি উপলক্ষ্যে মুন্সীগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিশেষ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির ব্যবস্থা করা হয়।
১০৭ বার পড়া হয়েছে