নগদবিহীন লেনদেনে উৎসাহিত করতে কালিয়ায় ‘বাংলা কিউআর’ র্যালি ও আলোচনা সভা
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১০:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নগদ অর্থ বহনের ঝামেলা কমিয়ে সহজ, দ্রুত ও নিরাপদ ডিজিটাল লেনদেনের প্রসারে নড়াইলের কালিয়ায় বাংলা কিউআর (QR) কোড ব্যবহারে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানানো হয়।
সোমবার (২ নভেম্বর) দুপুরে কালিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি কালিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নগদবিহীন লেনদেনের প্রসার এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়াতে এ কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় বাংলা কিউআর কোড ব্যবহার করে সহজে, দ্রুত ও নিরাপদে আর্থিক লেনদেনের বিভিন্ন সুবিধা তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করা হয়।
সভায় বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের যুগ্ম পরিচালক সোহেল নওরোজ বলেন, নগদবিহীন লেনদেনের প্রসারে বাংলা কিউআর কোড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে ব্যবসায়ী ও গ্রাহকেরা সহজে, দ্রুত এবং নিরাপদে আর্থিক লেনদেন করতে পারবেন। ডিজিটাল লেনদেনের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ব্যাংক, ব্যবসায়ী ও গ্রাহকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম বলেন, ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে বাংলা কিউআর ব্যবহারে সচেতন ও উৎসাহিত করতে হবে। এ কার্যক্রম সফল করতে উপজেলার সব ব্যাংকের ব্যবস্থাপকদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. মশিউর রহমানসহ উপজেলার ১৪টি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা কিউআর কোডের ব্যবহার বাড়লে নগদ অর্থ বহনের ঝুঁকি কমার পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে। একই সঙ্গে লেনদেনে সময় সাশ্রয় হবে। এ জন্য ব্যাংকের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদেরও ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান তাঁরা।
১২৮ বার পড়া হয়েছে