বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১০:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পিরোজপুরের চিতলিয়ায় বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাধা দেওয়ার জঘন্য ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের মুক্তিযোদ্ধারা অংশ নেন। রবিবারের এই সমাবেশ থেকে অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
রবিবার সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবন চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেছের উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে দলমত নির্বিশেষে সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধারা যোগ দেন।
মানববন্ধনে বক্তারা পিরোজপুরের চিতলিয়ায় বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষবিদায়কালে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, একজন স্বাধীনতাসংগ্রামীর দাফনে বাধা দেওয়া সমগ্র মুক্তিযোদ্ধা সমাজের জন্য চরম অবমাননাকর।
প্রতিবাদ সভায় জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল এবং যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বক্তব্য প্রদান করেন। এ সময় অন্য সকল বক্তারা ঘটনার সাথে জড়িত কুচক্রী মহলকে অবিলম্বে গ্রেফতারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
১১৬ বার পড়া হয়েছে