সর্বশেষ

জাতীয়

রাজধানীতে সাত রুটে ৮৬১ বাস নিয়ে চালু হচ্ছে নতুন ব্যবস্থা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট র‍্যাশনালাইজেশন কার্যক্রমের আওতায় সাতটি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে সাতটি পরিবহন কোম্পানির অধীনে এসব রুটে চলবে ৮৬১টি বাস। প্রায় ২০০ কিলোমিটার দীর্ঘ এসব রুটে নতুন ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে রোববার (১ নভেম্বর)।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে রোববার দুপুর ১২টায় নতুন এ বাস চলাচল কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) তালিকা অনুযায়ী, নতুন ব্যবস্থার আওতায় থাকা সাতটি রুট হলো—গাজীপুরের শিববাড়ী থেকে আজিমপুর, টঙ্গী থেকে আজিমপুর, মিরপুর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জের চুনকুটিয়া, ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার, ঘাটারচর থেকে চিটাগাং রোড-কাঁচপুর, ঘাটারচর থেকে ধউর এবং মিরপুর-১ থেকে কাকলী-বনানী সার্কুলার রুট।

এই সাতটি রুটে সাতটি পরিবহন কোম্পানির বাস চলাচল করবে। এর মধ্যে ভিআইপি সিটি পরিবহনের ২৫৩টি, ঢাকা সিটি পরিবহনের ২০টি, চিড়িয়াখানা সিটি পরিবহনের ১৩৩টি, রমজান আলী সিটি পরিবহনের ৮০টি, থ্রি স্টার সিটি পরিবহনের ১২০টি, পি. পি. বি. সিটি পরিবহনের ২২৫টি এবং ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের ৩০টি বাস রয়েছে।

নতুন ব্যবস্থায় রুটগুলোতে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) ও সাধারণ (নন-এসি) দুই ধরনের বাস চলাচল করবে। বাসের সামনে ও পেছনে ডিজিটাল বোর্ডে রুট নম্বর, গন্তব্য এবং গাড়ির ক্রমিক নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

এ ছাড়া নির্ধারিত স্টপেজ ছাড়া যাত্রী ওঠানো-নামানো, অতিরিক্ত যাত্রী বহন এবং নিয়মবহির্ভূতভাবে অন্য বাসকে অতিক্রম করা নিষিদ্ধ করা হয়েছে। বাসচালক ও সহকারীদের পরিচ্ছন্ন পোশাক পরার পাশাপাশি যাত্রীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, রাজধানীর ৩২টি রুটে পর্যায়ক্রমে এ ব্যবস্থা চালু করা হবে। প্রতিটি রুটের বাসের জন্য পৃথক রং নির্ধারণ এবং পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানসহ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০