সর্বশেষ

সারাদেশ

চীনা যুবককে বিয়ে, ফরিদপুরে কলেজছাত্রীকে ঘিরে চাঞ্চল্য

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সালথায় এক কলেজছাত্রীর সঙ্গে চীনা নাগরিকের বিয়েকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবদম্পতিকে দেখতে স্থানীয়দের ভিড় বাড়তে থাকায় একপর্যায়ে গ্রামের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান তাঁরা। ঘটনাটি ঘটেছে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামে।

চীনা যুবক ওয়াং চাওয়ের বয়স ২৫ বছর। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম পরিবর্তন করে আরিফ ইসলাম রেখেছেন বলে জানা গেছে। তাঁর স্ত্রী তাহমিনা আক্তার (২০) ফরিদপুর শহরের সারদা সুন্দরী মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি সালথা উপজেলার নকুলহাটি গ্রামে।

তাহমিনার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়াং চাওয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয় থেকে ধীরে ধীরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। প্রথম দিকে এই সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না তাহমিনার পরিবার। পরে পরিবারের সম্মতি পাওয়ার পর গত ১৯ অক্টোবর ঢাকায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের আগে কোর্ট এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন ওয়াং চাও। এরপর নাম পরিবর্তন করে আরিফ ইসলাম পরিচয়ে তাহমিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

গত ২৬ অক্টোবর সোমবার রাতে নবদম্পতি তাহমিনার গ্রামের বাড়ি নকুলহাটিতে বেড়াতে আসেন। তাঁদের আসার খবর ছড়িয়ে পড়লে চীনা নাগরিককে একনজর দেখতে বাড়িতে ভিড় জমাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়। মানুষের ভিড় বাড়তে থাকায় গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে তাঁরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান।

তাহমিনার পরিবারের সদস্যরা জানান, ওয়াং চাও সম্পর্কে বিস্তারিত তথ্য তাঁদের জানা নেই। বর্তমানে তাহমিনার প্রয়োজনীয় কাগজপত্র তৈরির প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে তাঁরা দুজনই চীনে চলে যাবেন বলে জানা গেছে।

এ বিষয়ে আটঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফারুক হোসেন বলেন, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারবেন।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দাবির উদ্দিন জানান, বিষয়টি জানার পর প্রশাসনের পক্ষ থেকে ওই বাড়িতে লোক পাঠানো হয়েছিল। তবে সেখানে নবদম্পতিকে পাওয়া যায়নি। তাঁরা সালথা ছেড়ে অন্যত্র চলে গেছেন বলে জানতে পেরেছেন।

ইউএনও আরও বলেন, ওই যুবক চীনের নাগরিক, নাকি আদিবাসী—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে প্রশাসনের পক্ষ থেকে অনুসন্ধান চলছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০