যুবসমাজকে কাজে লাগিয়ে অর্থনীতি শক্তিশালী করার আহ্বান এমপি মিলনের
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে যুবসমাজকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাজশাহীর পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেছেন, দেশের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ যুবক। এই বিশাল জনগোষ্ঠীকে দক্ষ ও কর্মক্ষম জনশক্তিতে রূপান্তর করা গেলে অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার সকালে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুবসমাজের সম্ভাবনা ও কর্মসংস্থান নিয়ে কথা বলেন এমপি শফিকুল হক মিলন।
দুই উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে যুবকদের মধ্যে যুব ঋণের চেক, ক্রেস্ট ও গাছের চারা বিতরণ করা হয়।
এমপি মিলন বলেন, দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করতে যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। খাল খনন, বৃক্ষরোপণ, মাছ চাষ এবং গরু, ছাগল ও হাঁস-মুরগি পালনের মতো উৎপাদনশীল কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা প্রয়োজন। এসব উদ্যোগে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘ইতিহাসের রাখাল রাজা’ ও মহান দার্শনিক হিসেবে অভিহিত করে তিনি বলেন, তাঁর মধ্যে গভীর দেশপ্রেম ছিল। দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে জিয়াউর রহমান প্রথম যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ার কর্মসূচিতে যুবসমাজকে প্রধান শক্তি হিসেবে কাজে লাগানোর উদ্যোগও নেন তিনি।
নিজেদের নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ তুলে সংসদ সদস্য বলেন, কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন জাতীয় দিবস ও মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা সম্ভব। আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে চাহিদাভিত্তিক ও জ্ঞাননির্ভর কারিগরি শিক্ষা সবার কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি।
দক্ষ ও পারদর্শী যুবকদের রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করার বিষয়েও বক্তব্য দেন এমপি মিলন। তিনি জানান, গত বছর মোহনপুরের একজন যুবক এ ধরনের পুরস্কার পেয়েছিলেন। এবারও একজন যুবক রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন। সন্তানদের কর্মমুখী কর্মকাণ্ডে উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
এ ছাড়া সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পবা ও মোহনপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাঠপর্যায়ের কর্মী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেন সংসদ সদস্য।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে শফিকুল হক মিলন বলেন, তিনি কাজ করতে পছন্দ করেন এবং দেশের যুবসমাজ তাঁর কাছে অত্যন্ত প্রিয়।
মোহনপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর অর রশীদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অন্যদিকে, পবা উপজেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলামসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা।
১১৬ বার পড়া হয়েছে