পাবনায় জোড়া খুনের ঘটনায় চরমপন্থি সদস্য মুসা গ্রেপ্তার
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার আতাইকুলায় চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় এজাহারভুক্ত সন্দেহভাজন আসামি মুসাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত ২৯ অক্টোবর পুষ্পপাড়া হাটে দুর্বৃত্তদের গুলিতে দুই শ্রমিক নেতা নিহত হওয়ার পর পরিচালিত অভিযানে নিষিদ্ধ চরমপন্থি সংগঠনের এই সদস্য ধরা পড়ে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রকিবুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মুসা নিষিদ্ধ ঘোষিত একটি চরমপন্থি সংগঠনের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তবে তার বিরুদ্ধে পূর্বে কোনো নির্দিষ্ট মামলা নথিভুক্ত ছিল না।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, গত ২৯ অক্টোবর সন্ধ্যায় আতাইকুলার পুষ্পপাড়া হাটের অস্থায়ী কার্যালয়ে অবস্থান করছিলেন হাটের ইজারাদার ও শ্রমিক লীগ নেতা আব্দুস সালাম এবং তার ভাগনে শ্রমিক দল সভাপতি রিপন হোসেন। সে সময় একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর নিহত রিপন হোসেনের ভাই রুবেল হোসেন বাদী হয়ে আতাইকুলা থানায় ১৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিদের ধরতে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এরই ধারাবাহিকতায় রোববার ভোর সাড় ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুষ্পপাড়া পূর্ব বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মুসাকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আতাইকুলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
১১০ বার পড়া হয়েছে