কলাপাড়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণ প্রদান
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৯:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য র্যালি, গাছের চারা বিতরণ ও যুব ঋণের চেক হস্তান্তরের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। 'দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ' প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে চারজন উদ্যোক্তাকে ছয় লাখ টাকার ঋণ প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে রোববার দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে কলাপাড়া উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কলাপাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস-উদ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজই দেশের মূল চালিকাশক্তি। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রশিক্ষিত যুব সমাজের বিকল্প নেই। আমাদের দেশের সিংহভাগ যুবশক্তি অত্যন্ত মেধা ও দক্ষতার অধিকারী। সঠিক প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে এই তরুণরাই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিপির সহকারী পরিচালক আছাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন-অর রশিদ এবং বেসরকারি সংস্থা 'আভাস'-এর প্রকল্প ব্যবস্থাপক মো. সবুজ।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে চারজন সফল উদ্যোক্তার হাতে আনুষ্ঠানিকভাবে ছয় লাখ টাকার যুব ঋণের চেক হস্তান্তর করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষ্যে উপজেলা চত্বরে চারা রোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
১২১ বার পড়া হয়েছে