সর্বশেষ

পর্যটন

সেন্টমার্টিনে আজও চালু হচ্ছে না পর্যটকবাহী জাহাজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার (১ নভেম্বর) থেকে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত শুরু হওয়ার কথা ছিল। তবে প্রয়োজনীয় অনুমোদন ও প্রস্তুতি শেষ না হওয়ায় আজও চালু হচ্ছে না পর্যটকবাহী জাহাজ চলাচল। জাহাজ চলাচলের অনুমতি দেয়নি কক্সবাজার জেলা প্রশাসন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান সায়েম গণমাধ্যমকে জানান, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় এখন পর্যন্ত কোনো জাহাজকে সেন্টমার্টিন রুটে চলাচলের অনুমতি দেওয়া হয়নি। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সংশ্লিষ্ট কার্যক্রমও পুরোপুরি প্রস্তুত নয়।

তিনি জানান, আগামী বুধবার জেলা প্রশাসক সেন্টমার্টিন দ্বীপে গিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকের পর জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বলেন, জাহাজ চলাচল শুরু করতে কয়েকটি সংস্থার অনুমোদন প্রয়োজন। এর মধ্যে রয়েছে পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র, নৌপরিবহন অধিদপ্তরের অনুমোদন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) রুট পারমিট এবং কক্সবাজার জেলা প্রশাসকের অনুমতি।

তিনি আরও বলেন, অনুমোদন পাওয়ার প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। পর্যটকদের তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যে সফটওয়্যার চালু করার কথা, সেটিও প্রস্তুত নয়। ফলে রোববার থেকে জাহাজ চালানো সম্ভব হচ্ছে না।

তবে বৃহস্পতি অথবা শুক্রবার থেকে জাহাজ চলাচল শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, রোববার থেকে সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত হলেও জাহাজের ফিটনেস ও নিরাপত্তা নিশ্চিত না করে চলাচলের অনুমতি দেওয়া হবে না। জাহাজ মালিকদের সঙ্গে প্রশাসনের বৈঠকে চলাচল শুরুর নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হতে পারে।

প্রয়োজনীয় অনুমোদন ও নিরাপত্তা যাচাইয়ের প্রক্রিয়া শেষ না হওয়ায় সেন্টমার্টিন ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের আপাতত অপেক্ষা করতে হচ্ছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
পর্যটন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০