পিলখানা হত্যাকাণ্ডের মামলায় সাবেক মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
২০০৯ সালে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় ষড়যন্ত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্র, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশ এবং রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে।
সূত্রের দাবি, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে—এমন বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। বিশেষ করে ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের বিষয়ে অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের পর খন্দকার আব্দুল হাফিজকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিবি সূত্র জানায়, পিলখানা হত্যাকাণ্ডে তাঁর সম্ভাব্য ভূমিকা, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এবং নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এসব বিষয়ে বিস্তারিত জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনো জানা যায়নি।
১১১ বার পড়া হয়েছে