কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষায় ৯টি প্রতিষ্ঠানে পাসের হার শূন্য
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৪:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রামের ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। জেলাটিতে সার্বিক পাসের হার ৪০.৭২ শতাংশ হলেও এই ৯টি কলেজের শতভাগ পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।
ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রৌমারীর চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ থেকে সর্বোচ্চ ২৪ জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এছাড়া নাগেশ্বরী মডেল কলেজের ১৫ জন, রাজারহাটের সিঙ্গার ডাবরিরহাট কলেজের ১০ জন এবং সিঙ্গার ডাবরিরহাট বি.এল. হাইস্কুল অ্যান্ড কলেজের ৬ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছেন।
তালিকায় থাকা বাকি প্রতিষ্ঠানগুলোর মধ্যে নাগেশ্বরীর কুটি পায়রাডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের ৫ জন, ছিলাখানা মডেল কলেজের ৪ জন, উলিপুরের হজরত ফাতেমা (রা.) পৌর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৩ জন, চিলমারীর দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজের ২ জন এবং রাজারহাটের পাঙ্গারাণী লক্ষ্মী প্রিয়া স্কুল অ্যান্ড কলেজের ১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউই অকৃতকার্যতার গণ্ডি পেরোতে পারেননি।
চলতি বছর কুড়িগ্রাম জেলা থেকে মোট ১১ হাজার ৭২২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪ হাজার ৭৭৩ জন কৃতকার্য হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ১৩৬ জন, যার মধ্যে ৫৯ জন ছাত্র এবং ৭৭ জন ছাত্রী। জেলায় পাসের হারের দিক থেকে ছাত্রীদের সাফল্য বেশি, যেখানে ছাত্রীদের পাসের হার ৪৫.২১ শতাংশ এবং ছাত্রদের ৩৫.৯৫ শতাংশ।
দিনাজপুর বোর্ডের আটটি জেলার মধ্যে সার্বিক ফলাফলের দিক থেকে কুড়িগ্রামের অবস্থান ষষ্ঠ। উলিপুরের একটি কলেজের অধ্যক্ষ জানান, বাল্যবিয়ে ও পারিবারিক চাপের কারণে মেয়ে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। এদিকে স্থানীয় শিক্ষা প্রশাসন জানিয়েছে, উচ্চমাধ্যমিক স্তর সরাসরি বোর্ডের নিয়ন্ত্রণে থাকায় তারা বিস্তারিত বিষয়টি খতিয়ে দেখার সুপারিশ করবেন।
১১১ বার পড়া হয়েছে