৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে শ্রমিকদের অবরোধ
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৫:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার (১ নভেম্বর) সকাল থেকে তাঁদের বিক্ষোভে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর ১১, ১২ নম্বর ও প্রশিকা মোড় এলাকায় সড়কে অবস্থান নেন।
অবরোধের কারণে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কর্মস্থলসহ বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সকাল থেকেই মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মিরপুর জোন ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাহফুজুল হক বকশী জানান, পোশাকশ্রমিকদের অবরোধের কারণে মিরপুর ১০ নম্বর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে ট্রাফিক পুলিশ।
আগের দিনও সংঘর্ষ ও ভাঙচুর
এর আগেও শনিবার (৩১ অক্টোবর) বেতন বাড়ানোর দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। ওই দিন দুপুরের দিকে তাঁরা মিরপুর ১০ নম্বর এলাকা থেকে সরে শাহ আলী এলাকায় জড়ো হন।
পরে বেলা ২টার পর শাহ আলী এলাকার একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। একপর্যায়ে শ্রমিকদের একটি অংশ কারখানা ও একটি বিপণিবিতানে ভাঙচুর চালায় বলে জানা গেছে।
এরপর বেলা ৩টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার কালশী আদর্শনগর এলাকার ‘২২ তলা’ পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
বেতন বৃদ্ধির দাবিতে টানা দুই দিনের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে মিরপুরের বিভিন্ন এলাকায় যান চলাচল ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
১১২ বার পড়া হয়েছে