পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ছয় সদস্যের বোর্ড গঠন
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্নিয়োগসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে এ সিদ্ধান্ত এল।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন—বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী।
বৈঠক শেষে রোববার মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন তিনি। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, শ্রমিকদের অন্যতম প্রধান দাবি ছিল নতুন মজুরি বোর্ড গঠন। সরকার এবং বিজিএমইএ ও বিকেএমইএ এ বিষয়ে একমত হয়েছে।
তিনি আরও জানান, শ্রমিক প্রতিনিধিরাও বোর্ডে তাঁদের মনোনীত সদস্যদের নাম জমা দিয়েছেন। রোববারের মধ্যেই বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান মন্ত্রী।
এদিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্নিয়োগের দাবিতে শনিবার রাজধানীর মিরপুর, সাভার ও গাজীপুরে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এ সময় বিভিন্ন স্থানে সড়ক অবরোধ এবং কারখানা ও মার্কেটে ভাঙচুরের ঘটনা ঘটে।
এসব ঘটনায় সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শ্রমিকদের দাবিদাওয়া ও আন্দোলনের পরিস্থিতির মধ্যেই নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।
১১০ বার পড়া হয়েছে