ভারতীয় ট্যুরিস্ট ভিসা : নতুন নিয়মে কিভাবে আবেদন করা যাবে
সোমবার, ২৯ জুন, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীদের অনলাইনে ভিসা ফরম পূরণের পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। একই সঙ্গে নির্দিষ্ট কাগজপত্র জমা ও অনলাইনে প্রসেসিং ফি পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে।
বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে আগ্রহীদের জন্য আবারও চালু হয়েছে ট্যুরিস্ট ভিসা আবেদন কার্যক্রম। নতুন নির্দেশনা অনুযায়ী আবেদনকারীদের প্রথমে অনলাইনে ভিসা আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর আবেদনপত্র ডাউনলোড করে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে।
বর্তমানে দেশের পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) ট্যুরিস্ট ভিসার আবেদন জমা দেওয়া যাবে। কেন্দ্রগুলো হলো—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট।
যেভাবে ভিসার আবেদন করবেন:
প্রথমে ভারতের অনলাইন ভিসা আবেদন পোর্টালে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রের সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর সেটি পিডিএফ আকারে ডাউনলোড করতে হবে। এরপর অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং সম্পন্ন করতে হবে।
অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের নতুন নিয়ম:
আবেদন জমা দেওয়ার আগের কার্যদিবসে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। প্রতিদিন পরবর্তী কার্যদিবসের জন্য নতুন স্লট উন্মুক্ত করা হবে।
দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইনআপ ও ওয়েবফাইল আপলোড করা যাবে।
সফলভাবে ওয়েবফাইল আপলোড করা আবেদনকারীরা বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।
বিকেল সাড়ে ৪টার আগে সাইনআপ সম্পন্ন না করলে ওই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে না।
সাইনআপের সময় ভিসা আবেদনে ব্যবহৃত একই ই–মেইল ঠিকানা ব্যবহার করতে হবে। ই–মেইল ও মোবাইলে পাঠানো ওটিপি দিয়ে পরিচয় নিশ্চিত করার পর ব্যক্তিগত তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
এরপর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হলে পুনরায় লগইন করে নির্ধারিত সময় নিশ্চিত করতে হবে। প্রয়োজনে একবার স্লট পরিবর্তনের সুযোগ থাকবে।
অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর অনলাইনে ভিসা প্রসেসিং ফি পরিশোধ করতে হবে।
ওয়েবফাইল আপলোডে যে বিষয়গুলো মানতে হবে:
আপলোড করা ভিসা আবেদনপত্র অবশ্যই মূল পিডিএফ ফাইল হতে হবে এবং সেটি ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না। সম্পাদিত, পরিবর্তিত বা বিকৃত ফাইল গ্রহণযোগ্য হবে না।
ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ভিসা আবেদনের সঙ্গে জমা দিতে হবে—
কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকা মূল পাসপোর্ট, যাতে অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকবে।
পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি এবং প্রয়োজনে মেয়াদ বৃদ্ধির অনুমোদনের কপি।
আগের সব পাসপোর্ট।
সাম্প্রতিক (তিন মাসের মধ্যে তোলা) ২×২ ইঞ্চি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের কপি।
সর্বোচ্চ ছয় মাসের মধ্যে ইস্যু করা বিদ্যুৎ, গ্যাস, পানি বা টেলিফোন বিলের কপি।
চাকরিজীবীদের ক্ষেত্রে নিয়োগকর্তার প্রত্যয়নপত্র, শিক্ষার্থীদের পরিচয়পত্র এবং ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স।
কমপক্ষে ১৫০ মার্কিন ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট, আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি অথবা প্রয়োজনীয় ব্যাংক স্টেটমেন্ট।
অনলাইন ভিসা আবেদনপত্রের প্রিন্ট কপি।
আবেদনপত্রে নির্ধারিত স্থানে আবেদনকারীর স্ক্যান করা ছবি।
ভিসা ফি কত:
ভারত সরকার ট্যুরিস্ট ভিসার জন্য কোনো ভিসা ফি নেয় না। তবে ভিসা প্রসেসিং চার্জ হিসেবে আইভ্যাক সব ধরনের ভিসার জন্য ১ হাজার ৫০০ টাকা গ্রহণ করে। অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় অনলাইনে এই অর্থ পরিশোধ করতে হবে।
পাসপোর্ট সংগ্রহ করবেন যেভাবে
ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে জানানো হবে। এরপর নির্ধারিত ভিসা আবেদনকেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।
১২৭ বার পড়া হয়েছে