তাহসিফের লাশ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মোটরসাইকেল উদ্ধার
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৬:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর (২৮) ভাসমান লাশ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকেই তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দীপ নামের এক ব্যক্তির সঙ্গে বাসা থেকে বের হন তাহসিফ। পরে তুরাগ নদ থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর। তাঁকে সঙ্গে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযানও চালানো হয়।
দীপের দেওয়া বক্তব্যসহ জিজ্ঞাসাবাদে পাওয়া বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। পিবিআই প্রধান মোস্তফা কামাল বলেন, দীপকে হেফাজতে নেওয়ার পর তাঁরা বেশ কিছু তথ্য পেয়েছেন। তবে তদন্তের স্বার্থে এখনই সেসব তথ্য প্রকাশ করতে চাননি তিনি।
অন্যদিকে, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফের ব্যবহৃত কি না, তা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ।
১২২ বার পড়া হয়েছে