গোপালগঞ্জে ৩০ নারী উদ্যোক্তাকে সনদ প্রদান
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে বিভিন্ন মেয়াদে কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন করা ৩০ জন নারী উদ্যোক্তার মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। শিক্ষণ মহিলা উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে এই সনদ তুলে দেওয়া হয়। এর মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আহ্বান জানানো হয়।
শুক্রবার দুপুরে জেলা শহরের পাঁচুড়িয়া এলাকায় অবস্থিত সংগঠনটির হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থী ৩০ নারী উদ্যোক্তার হাতে সনদপত্র তুলে দেন সমিতির সভাপতি জাকিয়া সুলতানা রুমা। একইসঙ্গে রাধুনী কোর্স সফলভাবে সম্পন্ন করায় দুজন শেফের হাতে শেফ কোট ও টুপি উপহার দেওয়া হয়।
উন্নয়ন সমিতিটির কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ কোর্সে সেলাই, ফাস্টফুড অ্যান্ড স্ন্যাক্স, বেকিং ফুড এবং বেসিক টু অ্যাডভান্সড বেকিং বিষয়ে নারীদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। সনদ গ্রহণ শেষে অংশগ্রহণকারীরা জানান, অর্জিত এই ব্যবহারিক দক্ষতা আগামী দিনে নতুন ব্যবসা চালু ও পরিচালনার ক্ষেত্রে বিশেষ সহায় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সভাপতি জাকিয়া সুলতানা রুমা জানান, নারীদের আর্থিক স্বাধীনতা অর্জনে কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই। অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নারীরা কেবল নিজেদের প্রতিষ্ঠিতই করবেন না, বরং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
১১২ বার পড়া হয়েছে