বঙ্গোপসাগরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, নিষেধাজ্ঞা শেষেও হতাশ জেলেরা
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৬:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে ইলিশ শিকারে গিয়ে কাঙ্ক্ষিত সাফল্য পাননি পটুয়াখালীর উপকূলীয় ট্রলারের জেলেরা। কুয়াকাটা সংলগ্ন সাগরে কাঙ্ক্ষিত পরিমাণ মাছ না মেলায় হতাশাজনক পরিস্থিতি তৈরি হলেও মহিপুর ও আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে কমেনি ইলিশের দাম।
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিষেধাজ্ঞা চলাকালীন গভীর সাগরে যাওয়া কিছু ট্রলার বিপুল পরিমাণ মাছ পেলেও উপকূলের কাছাকাছি থাকা ছোট ট্রলারগুলো খালি হাতে বা সামান্য মাছ নিয়ে ফিরছে। এর ফলে বাজারে ইলিশের জোগান কম থাকায় দর বেশ চড়া রয়েছে। বর্তমানে আকারভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত দামে।
স্থানীয় জেলে ও ট্রলার মালিকেরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন ও ঘন ঘন বৈরী আবহাওয়ার পাশাপাশি ইলিশের উৎপাদন কমে যাওয়ার প্রধান কারণ অবৈধ ট্রলিং। বিশেষ করে অসাধু উপায়ে ট্রলিং জাল দিয়ে মাছ ধরার কারণে সাগরের প্রজনন ও উৎপাদন প্রক্রিয়া চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ তুলছেন মৎস্য ব্যবসায়ীরা।
তবে স্থানীয় মৎস্য বিভাগের মতে, সাম্প্রতিক সময়ে সমুদ্রে ট্রলারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে কিনারের দিকে মাছের দেখা মিলছে না। গভীর সমুদ্রে অভিযানকারী জেলেদের ট্রলারে কাঙ্ক্ষিত আকারের পর্যাপ্ত ইলিশ মিলবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
১২৩ বার পড়া হয়েছে