রাজনীতিকে ‘পয়েন্ট অব নো রিটার্ন’-এ নেবেন না: এমরান সালেহ প্রিন্স
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিরোধী দলীয় নেতাদের উসকানিমূলক কর্মকাণ্ড রাজনীতিকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আজ ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয়তাবাদী যুবদলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কর্মসূচিতেও অংশ নেন এই বিএনপি নেতা।
ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের জয়িতা মহিলা মার্কেট প্রাঙ্গণে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, বিএনপি রাজনৈতিক প্রতিযোগিতা চায়, সংঘাত চায় না। জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি সর্বদা আপসহীন।
সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি অভিযোগ করেন, জামায়াত-এনসিপি জোটের নেতারা লাগামহীন ও উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে রাজনীতিতে বিভ্রান্তি সৃষ্টি করছেন। জনগণের ভোটের রায়কে অস্বীকার করে দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে, জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানান তিনি।
বিএনপির এই যুগ্ম মহাসচিব স্পষ্ট করেন যে, তারেক রহমানের নেতৃত্বে দল ও সহযোগী সংগঠনগুলো রাষ্ট্রীয় সংস্কার ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। কোনো ষড়যন্ত্র বা অপপ্রচার সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে থমকে দিতে পারবে না।
আলোচনা সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি তারিকুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় স্থানীয় বিএনপি ও যুবদলের একাধিক শীর্ষ নেতা বক্তব্য রাখেন।
এদিকে, একই দিনে হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট ও যুব রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পদযাত্রা শেষে গরু বাজার মোড়ে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
১০১ বার পড়া হয়েছে