কুয়াকাটায় সাঈদীপুত্র মাসুদ সাঈদীর হোটেল ‘ইস্তানবুল’ নির্মাণকাজ বন্ধ করে দিল প্রশাসন
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় অনুমোদন ছাড়া গড়ে ওঠা সাবেক সংসদ সদস্য মাসুদ সাঈদীর তারকামান হোটেল ‘ইস্তানবুল’-এর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার বিকেলে কলাপাড়া উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভা যৌথ অভিযান চালিয়ে নির্মাণকাজে নিষেধাজ্ঞা জারি করে এবং ব্যানার টাঙিয়ে দেয়।
পটুয়াখালী জেলা প্রশাসন ও বরিশাল বিভাগীয় কমিশনারের আগাম অনুমোদন না নেওয়া এবং জমির নামজারি না থাকায় প্রকল্পটির কাজ স্থগিত করা হয়েছে। এছাড়া কুয়াকাটা ট্যুরিজম সেন্টার (কেটিসি) মাস্টারপ্ল্যান-২০২৪ অনুযায়ী উক্ত জমিটি প্রস্তাবিত রেললাইন ও রেল স্টেশন জোনের অন্তর্ভুক্ত বলে প্রশাসন জানিয়েছে।
অভিযান পরিচালনা করেন কলাপাড়া ইউএনও মো. আরিফুজ্জামান এবং কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক। স্থানীয় সূত্র অনুযায়ী, পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য মাসুদ সাঈদীর তত্ত্বাবধানে এ হোটেলের নির্মাণকাজ চলছিল। এছাড়া জমিটির স্বত্বাধিকার নিয়ে স্থানীয় রাখাইন সম্প্রদায় ও এক বাসিন্দার মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
কুয়াকাটায় অপরিকল্পিত নগরায়ণ ও নিয়মবহির্ভূত ভবন নির্মাণ রোধে কঠোর অবস্থান নিয়েছে পৌর কর্তৃপক্ষ। মাস্টারপ্ল্যান বাস্তবায়ন ও বিধিবিধান সুনির্দিষ্ট করতে গত দুই মাসে অনুমোদনহীন ৩৫টি নির্মাণাধীন ভবনে কাজ বন্ধের নির্দেশনা সংবলিত সাইনবোর্ড টানানো হয়েছে।
১১১ বার পড়া হয়েছে