কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন: সচেতনতামূলক র্যালি ও প্রদর্শনী অনুষ্ঠিত
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১১:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের কালিয়ায় 'হাত ধোয়ায় নায়ক হোন' প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর লক্ষ্যে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। এতে সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল প্রদর্শনের পাশাপাশি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খালিদ আহমদ ওসমানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা প্রস্ফুট মন্ডল, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেনসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বক্তারা তাঁদের আলোচনায় স্বাস্থ্যসম্মত জীবনযাপনে নিয়মিত হাত ধোয়ার অপরিহার্যতা তুলে ধরেন। বিশেষ করে খাবার গ্রহণের পূর্বে এবং শৌচাগার ব্যবহারের পরে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। এর মাধ্যমে বিভিন্ন সংক্রামক ব্যাধি থেকে সহজে রক্ষা পাওয়া সম্ভব বলে তারা উল্লেখ করেন।
আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থী ও সর্বসাধারণের সুবিধার্থে সঠিক পদ্ধতিতে সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার বাস্তব কৌশল প্রদর্শন করেন আয়োজকরা।
১৩৮ বার পড়া হয়েছে