আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, আইজিপি তাঁর বক্তব্য থেকে সরে এসেছেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সরকার কোনোভাবেই সমর্থন করে না।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আইজিপির বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে দেশে নেই। আইজিপির বিষয়ে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে প্রধানমন্ত্রী তা বিবেচনা করবেন। এ বিষয়ে সরকারের চূড়ান্ত অবস্থান কী হবে, তা প্রধানমন্ত্রী নিজেই নির্ধারণ করবেন।
প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করে না সরকার।
মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি। ডা. জাহেদ উর রহমান বলেন, এ ঘটনা দুঃখজনক। লাশ নিয়ে এমন আচরণ কেউ পছন্দ করেনি।
সোমবার রংপুরে ধর্মীয় অবমাননার অভিযোগে এক যুবকের বাড়িতে ভাঙচুরের ঘটনা নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, দেশে উগ্রপন্থীদের আস্ফালন রয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এ ধরনের অপরাধ করবে, বর্তমান সরকারের আমলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভারত থেকে ভার্চ্যুয়াল সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, ভারত থেকে শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়া বাংলাদেশ পছন্দ করছে না। এ বিষয়ে সরকারের মনোভাব আগের মতোই রয়েছে।
এ ছাড়া সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। তথ্য উপদেষ্টা বলেন, জুলাই সনদের যেসব বিষয়ে ভিন্নমত বা আপত্তি রয়েছে, সেগুলো নিয়েও সরকার কাজ করবে।
১২৩ বার পড়া হয়েছে