ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, সংযোগ পুনর্বহালে কাজ চলছে
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ সংযোগ পুনর্বহালে জরুরি ভিত্তিতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিদ্যুৎ বিভাগের দাবি, ইতিমধ্যে অধিকাংশ এলাকায় সরবরাহ স্বাভাবিক হয়েছে। বাকি এলাকাগুলোতেও দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ সংযোগ পুনর্বহালে জরুরি ভিত্তিতে কাজ চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিদ্যুৎ বিভাগের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা হয়েছে। বাকি এলাকাগুলোতেও স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ।
সাময়িক এ বিদ্যুৎ বিপর্যয়ের কারণে গ্রাহকদের যে অসুবিধা হচ্ছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিভাগটি।
এদিকে পাওয়ার গ্রিড পিএলসি জানিয়েছে, ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ ছাড়া রাজধানীর মগবাজার, বনশ্রী ও খিলগাঁও এলাকাতেও বিদ্যুৎ নেই। চট্টগ্রামের একাংশেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
পাওয়ার গ্রিড পিএলসি জানিয়েছে, বিদ্যুৎ বিপর্যয়ের সুনির্দিষ্ট কারিগরি কারণ এখনো জানা যায়নি। তবে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। বিদ্যুৎ সরবরাহ পুনর্বহালে প্রকৌশলীরা পর্যায়ক্রমে সংযোগ চালুর কাজ করছেন।
প্রতিষ্ঠানটি আরও জানায়, জাতীয় গ্রিডের কার্যক্রম জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে। তবে দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক আছে।
১৫৩ বার পড়া হয়েছে