মিরপুর-১ গোলচত্বরে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করা এবং অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার বেলা ১১টায় ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। ফুটপাত পুরোপুরি দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংস্থাটি।
রাজধানীর মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করা এবং অবৈধ স্থাপনা সরাতে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার বেলা ১১টায় ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নেতৃত্বে প্রথম দফার অভিযান শুরু হয়।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন জানিয়েছেন, সকালে শুরু হওয়া অভিযানের ধারাবাহিকতায় বিকেল ৫টায় একই এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালানো হবে। মিরপুর-১ গোলচত্বরের ফুটওভার ব্রিজের নিচ থেকে দ্বিতীয় দফার অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।
ডিএনসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চলাকালে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, নগরবাসীকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, পর্যায়ক্রমে প্রতিটি ফুটপাত দখলমুক্ত করা হবে। সড়ক দিয়ে মানুষ হাঁটবে এবং যানবাহন চলাচল করবে। কিন্তু সড়ক বন্ধ করে সেখানে দোকানপাট বসানো হয়েছে।
শফিকুল ইসলাম খান বলেন, এসব দোকানপাট বর্তমান সরকারের আমলে বসেনি। আগের সরকারের আমল থেকে ১৮ থেকে ২২ বছর ধরে একইভাবে ব্যবসা করে আসছেন ব্যবসায়ীরা। অভিযানে এসে তিনি জানতে পেরেছেন, মানুষের চলাচলের জন্য নির্ধারিত রাস্তা বন্ধ করে সেখানে মার্কেট নির্মাণ করা হয়েছে। এভাবে এলাকাটিকে অব্যবস্থাপনার মধ্যে রেখে যাওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারকে জনবান্ধব উল্লেখ করে ডিএনসিসির প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন এবং জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছেন। ডিএনসিসির পক্ষ থেকেও নগরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একের পর এক ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে।
তিনি বলেন, এরই মধ্যে ডিএনসিসির ১০ নম্বর গোলচত্বর এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। একইভাবে মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকার ফুটপাতও দখলমুক্ত করা হবে। অবৈধভাবে ফুটপাত দখল করে কোনো দোকান থাকতে দেওয়া হবে না।
অভিযানে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরেন শফিকুল ইসলাম খান। তিনি বলেন, অভিযানে পুলিশের উপকমিশনার, স্থানীয় নেতারা, মার্কেট কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তিনি ঘটনাস্থলে পৌঁছানোর পর স্থানীয় মানুষ উচ্ছেদ কার্যক্রমের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি উচ্ছেদের পর যাতে আবার দখল না হয়, সে বিষয়েও গুরুত্ব দিচ্ছে ডিএনসিসি। প্রশাসক বলেন, ১০ নম্বর গোলচত্বরের মতো মিরপুর-১ নম্বর গোলচত্বরকেও একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে চায় সিটি করপোরেশন।
তিনি আরও বলেন, বুধবার প্রথম দফার অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম চলবে। যতক্ষণ পর্যন্ত ফুটপাত দখলমুক্ত না হবে, ততক্ষণ অভিযান অব্যাহত থাকবে। পরে এসব জায়গা মানুষের স্বাভাবিক হাঁটাচলার উপযোগী করে গড়ে তোলার ব্যবস্থা নেওয়া হবে।
১২৩ বার পড়া হয়েছে