খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা ক্রীড়া প্রতিমন্ত্রীর
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৩:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খেলাধুলার মাধ্যমে সামাজিক পরিবর্তনের মাধ্যমে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী কর্তৃক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধনের প্রস্তুতি পর্যালোচনা করতে খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় তিনি এ কথা জানান।
ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, দেশের ৫০৩টি উপজেলায় একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর শুরু হবে। এ বছর নিবন্ধিত ১৬ লাখ ২৩ হাজার প্রতিযোগীর মধ্যে প্রায় ১৪ লাখ খেলোয়াড় মাঠে নামবে। ইউনিয়ন পর্যায় থেকে দল গঠনের মাধ্যমে শুরু হওয়া এ প্রতিযোগিতা আগামী বছরের মে বা জুনে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের মাধ্যমে শেষ হবে।
প্রথম আসর থেকে বাছাইকৃত উদীয়মান খেলোয়াড়দের বিকেএসপিতে ৪০ দিনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরবর্তীতে তাদের স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তি করিয়ে পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় খরচ বহন করবে সরকার, যাতে প্রতিভাবানরা ঝরে না পড়ে।
পরিদর্শনকালে খুলনা জেলা স্টেডিয়াম ও মহিলা ক্রীড়া কমপ্লেক্সের জরাজীর্ণ অবস্থা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, পূর্ণাঙ্গ গ্যালারি নির্মাণসহ সার্বিক অবকাঠামো উন্নয়নে শিগগিরই কাজ শুরু হবে। পাশাপাশি খুলনা বিকেএসপিকে স্বয়ংসম্পূর্ণ করে স্থানীয় শিক্ষার্থীদের খুলনাতেই প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হবে।
প্রধানমন্ত্রীর সফর কেন্দ্র করে স্পেশাল সিকিউরিটি ফোর্সসহ (এসএসএফ) সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৩৯ বার পড়া হয়েছে