কলাপাড়ায় মহিষের ঘাস খাওয়া নিয়ে বিরোধ: পিতা-পুত্রকে পিটিয়ে জখম
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় মহিষের ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র গুরুতর আহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত থাকার পর সুস্থ হয়ে আবু সালেহ (৩০) তার বাবা নুর আলম হাওলাদারের সঙ্গে মাঠে মহিষ বাঁধতে যান। একপর্যায়ে তিনি মহিষের জন্য ঘাস কাটতে শুরু করলে চাচাতো ভাই আবদুল্লাহ, আসাদুল এবং চাচা হাবিব হাওলাদার ও আবুল বাসারসহ একদল ব্যক্তি তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
স্বজনদের দাবি, আবু সালেহকে বাঁচাতে তার বাবা এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এতে দুজনেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করান।
ঘটনার বিষয়ে অভিযুক্ত হাবিব হাওলাদার জানান, মহিষ তাদের ধানের বীজ খেয়ে ফেলায় কথা-কাটাকাটি হয়। তবে নুর আলমকে মারধর করা হয়নি বলে দাবি করে তিনি বলেন, ঘাস কাটার কাঁচির আঘাতে আবু সালেহ জখম হয়েছেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১১০ বার পড়া হয়েছে