জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ১০:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-১) অভিযানে ২১৭ বোতল ভারতীয় মদসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ এই অভিযানে একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি স্থানীয় এক ইউনিয়ন ছাত্রদল নেতাকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে রোববার ভোরে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণব পাড়া এলাকায় সুজাত মিয়ার বাড়িতে প্রথম দফায় অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে চারজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে উদ্ধারকৃত ভারতীয় মদ ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৭৩ হাজার টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে আমান উল্লাহ আমান উদয় ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। অন্য আটক ব্যক্তিরা হলেন—সুজাত মিয়া, মোঃ সিফাত, গাজীপুরের মোঃ রুবেল মিয়া এবং নিলক্ষিয়া মির্ধাপাড়ার মোঃ ফুরকান হোসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর জেলা পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ ঠেকানো এবং এই অপরাধ চক্রের সাথে যুক্ত সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
১১৩ বার পড়া হয়েছে