গোপালগঞ্জে ছোট ভাইয়ের বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের সদর উপজেলায় পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। করপাড়া ইউনিয়নের বনগ্রাম পূর্বপাড়া গ্রামে ঘটা এই ঘটনায় ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ফরমান চৌধুরী তাঁর আপন বড় ভাই মো. শের আলী চৌধুরীর কাছে পাওনা ১৫ লাখ টাকা ফেরত চান। এ নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে কোন্দল চলছিল।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৫ সেপ্টেম্বর ফরমান চৌধুরী বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত শের আলী চৌধুরী, তাঁর দুই ছেলে আব্দুল্লাহ ও আল ইসলামসহ ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে। তারা ঘরে থাকা ফরমানের স্ত্রী রহিমা বেগমকে বেধড়ক মারধর করে।
পরবর্তীতে তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর চালায় এবং খাট-আলমারিতে রাখা নগদ ৫ লাখ ৩০ হাজার টাকা, সোনার চেইন, হাতের বালা ও কানের দুলসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এছাড়া সিটি ব্যাংক পিএলসির তিনটি স্বাক্ষর করা ফাঁকা চেক এবং ফ্রিজ-টেলিভিশনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ভুক্তভোগী রহিমা বেগম জানান, নজিরবিহীন এই লুটপাট ও হামলায় তারা নিঃস্ব হয়ে পড়েছেন এবং ঘটনার পর থেকে প্রাণনাশের আতঙ্কে রয়েছে পরিবারটি। অভিযুক্তরা এ নিয়ে আইনি ব্যবস্থা নিলে হত্যার হুমকি দিয়েছে বলেও অভিযোগ করা হয়।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নাইম হায়দার জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ হস্তগত হয়েছে। বিষয়টির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
১০৮ বার পড়া হয়েছে