প্রধানমন্ত্রীর জাপান সফরে স্থগিত একনেক বৈঠক, ১৫ প্রকল্পের অনুমোদন পিছিয়ে
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। এর ফলে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে। রোববার (২৫ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রোববার (২৫ অক্টোবর) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে বৈঠকটি স্থগিত করা হয়। এতে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে।
সরকারিভাবে বৈঠক স্থগিতের কারণ হিসেবে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হয়েছে। তবে পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, মূলত প্রধানমন্ত্রীর জাপান সফরের কারণেই বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। গত রাতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার ফ্লাইটে প্রধানমন্ত্রীর জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে। সফরের আগে তাঁকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইলের দাপ্তরিক কাজ শেষ করতে হবে। একনেকের বৈঠক শুরু হলে তা দুপুরের খাবারের আগেই শেষ করা সম্ভব হতো না। এসব বিষয় বিবেচনায় নিয়ে বৈঠকটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
আজকের বৈঠকে অনুমোদনের জন্য মোট ১৫টি উন্নয়ন প্রকল্প উপস্থাপনের প্রস্তুতি ছিল। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছিল প্রায় ৯ হাজার কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল তিতাস গ্যাসক্ষেত্রে দুটি মূল্যায়ন ও উন্নয়ন গ্যাসকূপ—তিতাস-৩২ ও তিতাস-৩৩ খনন প্রকল্প। এ ছাড়া ‘ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’ প্রকল্প এবং নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পও তালিকায় ছিল।
অনুমোদনের অপেক্ষায় থাকা অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়কগুলোর ক্ষতিগ্রস্ত অংশ মেরামত, নর্দমা ও ফুটপাত উন্নয়নের একটি প্রকল্পও উপস্থাপনের জন্য প্রস্তুত করা হয়েছিল।
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত যানবাহন ও অপারেশনাল যানবাহন কেনার দুটি প্রকল্পও ছিল তালিকায়। পাশাপাশি দেশের পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপনের প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।
বৈঠক স্থগিত হওয়ায় এসব প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া আপাতত পিছিয়ে গেছে। তবে নতুন করে কবে একনেকের বৈঠক অনুষ্ঠিত হবে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
১০৮ বার পড়া হয়েছে