ফরিদপুরে ৭ পাটের গুদাম আগুনে পুড়ে ক্ষতি ২ কোটি টাকা: ব্যবসায়ী
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ১১:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে সাতটি পাটের গুদাম ও তিনটি দোকান পুড়ে গেছে। গুদামগুলোতে মজুত থাকা প্রায় তিন হাজার মণ পাটও নষ্ট হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে অগ্নিকাণ্ডে সাতটি পাটের গুদাম ও তিনটি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় গুদামগুলোতে মজুত থাকা প্রায় তিন হাজার মণ পাট নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাঁদের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, রাতে বাজারের একটি পাটের গুদামে প্রথম আগুন দেখা যায়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের গুদাম ও দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে সাতটি পাটের গুদাম, একটি চায়ের দোকান ও দুটি কাঁচামালের দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কাসেদ মণ্ডল জানান, একটি গুদামে আগুন লাগার পর তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই সাতটি পাটের গুদাম ও তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। গুদামগুলোতে প্রায় তিন হাজার মণ পাট মজুত ছিল, যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।
খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে গুদাম ও দোকানগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা জানান, খবর পাওয়ার পর চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় কিছু মালামাল রক্ষা করা সম্ভব হলেও কয়েকটি গুদাম ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোহেল রানা আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণের কাজও করা হচ্ছে।
১০৯ বার পড়া হয়েছে