সাহিত্য
শরতের রোদে কাশবন জুড়ে বইছে বাতাস
মোহময় শরত
উম্মুল খায়ের
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
শরতের রোদে কাশবন জুড়ে বইছে বাতাস
কাশের দোলায় মনের নদীটা কেমন উদাস !
সবুজের মাঝে, পাখিদের সাথে গান গেয়ে সুরে
সারাদিন কাটে মৌমাছি হয়ে ঘুরে ঘুরে দূরে !
উম্মুল খায়ের
এলোমেলো কত ভাবনায় থেকে ছুটে যায় মন
আওয়াজ তুলে পাতারা গাইছে,ছুটেছে পবন
নদীর পানিতে ঘোমটা খুলেছে কচুরির চুল
ঢেউয়ের তালে খিলখিল হাসে শাপলার ফুল।
বিকালের আলো ঝিলমিল করে সাদা কাশবনে
মোহ-মায়াময় ঘোর লেগে আছে নয়নে নয়নে
ছাতিম সুবাসে মাতম হয়েছে রাতে চারপাশ
কামিনীর রুপ ভুলতে পারে না ; ডুবে আশপাশ !
মুক্তার দানা জমে থাকে ভোরে ঘাসের ডগায়
শীতের বার্তা ছাপ রেখে যায় গাছের আগায়
নতুন ধানের গন্ধে আকুল কৃষকের ঘর
রূপসীর রুপে উৎসবে মাতে বাঙালির চর।
১৩৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর