সারাদেশ
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী অটোভ্যানকে একটি মাছের পিকআপ ভ্যান চাপা দিলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা ও ছয় বছরের শিশু মেয়ে নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াকোলা এলাকায় এই প্রাণহানির ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
গোপালগঞ্জে পিকআপের চাপায় বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
বাদল সাহা, গোপালগঞ্জ
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৫:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী অটোভ্যানকে একটি মাছের পিকআপ ভ্যান চাপা দিলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা ও ছয় বছরের শিশু মেয়ে নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াকোলা এলাকায় এই প্রাণহানির ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) এবং তাঁর শিশুকন্যা সামিরা আক্তার (৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা অটোভ্যানটিকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় দ্রুতগামী মাছবাহী পিকআপটি। এতে ভ্যানে থাকা বাবা ও মেয়ে মারাত্মকভাবে জখম হন। পথচারীরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনাকবলিতদের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
১১০ বার পড়া হয়েছে