২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ এবং হাম উপসর্গে ২ শিশুর প্রাণহানি
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১১:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন। এদিকে একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ শিশু। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫০২ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১২ হাজার ১১১ জন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণকক্ষের পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ২৩১ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৪ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২৫০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২০৬ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন, রাজশাহী বিভাগে ১৬২ জন, রংপুর বিভাগে ৪৪ জন এবং সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৪১৩ জনের। এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। আর ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ওই বছর ডেঙ্গুতে প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।
হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। একই সময়ে সন্দেহজনক হাম আক্রান্ত ৯৯৫ শিশু এবং নিশ্চিত হাম শনাক্ত হওয়া ৩৬ শিশুসহ মোট ১ হাজার ৩১ শিশু আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১০৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০৪ শিশুর। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৭।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্ত ১ লাখ ৯৩ হাজার ৬০৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৮৫ হাজার ৯২৭ শিশু।
এ ছাড়া চলতি বছরের ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশে মোট ২ লাখ ১৭ হাজার ৭৬০ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ২৩ হাজার ২৪৮ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
১০৫ বার পড়া হয়েছে