অফিসকক্ষে জাতীয় পতাকা প্রদর্শনে বিধিমালা মানার নির্দেশ
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের অফিসকক্ষে জাতীয় পতাকা প্রদর্শনের ক্ষেত্রে প্রচলিত বিধিমালা অনুসরণের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে সম্প্রতি সব সিনিয়র সচিব ও সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।
সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তা জাতীয় পতাকা ব্যবহারের অধিকারী বা যোগ্য না হয়েও অফিসকক্ষে চেয়ার বা সোফার পেছনে খুঁটিতে খাড়াভাবে জাতীয় পতাকা প্রদর্শন করছেন। এমন পরিস্থিতিতে জাতীয় পতাকা ব্যবহারের প্রচলিত বিধিমালা অনুসরণের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সম্প্রতি এ বিষয়ে সব সিনিয়র সচিব ও সচিবের কাছে পাঠানো চিঠিতে এসব বিষয় উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ অনুযায়ী, মোটরগাড়ি, জলযান ও বিমান ছাড়া অন্যান্য ক্ষেত্রে কেবল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা প্রদর্শনের বিধান রয়েছে।
তবে কিছু অফিসে সার্বক্ষণিকভাবে জাতীয় পতাকা ঝুলিয়ে রাখা হচ্ছে। এ ছাড়া জাতীয় পতাকার সঠিক আকার, অনুপাত ও রং বজায় না রেখে অফিসকক্ষের অভ্যন্তরে সজ্জা, অলংকরণ কিংবা ব্যক্তিগত ও দাপ্তরিক পটভূমি হিসেবেও এটি ব্যবহার করা হচ্ছে।
চিঠিতে বলা হয়েছে, এসব কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা এবং প্রতীক আদেশ, ১৯৭২ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২-এর সরাসরি লঙ্ঘন।
জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। একই সঙ্গে অধীন দপ্তর এবং সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে।
১০৫ বার পড়া হয়েছে