তাইওয়ানের কাছে সুপার টাইফুন 'চাম্পি', বাতিল শতাধিক ফ্লাইট
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী টাইফুন ‘চাম্পি’ তাইওয়ানের কাছাকাছি পৌঁছেছে। ঝড়টির প্রভাবে ব্যাপক সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। ইতিমধ্যে দুই শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও জাপানের চলমান যৌথ সামরিক মহড়ার সময়সূচিও পরিবর্তন করা হচ্ছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী টাইফুন ‘চাম্পি’ তাইওয়ানের কাছাকাছি পৌঁছেছে। ঝড়টির প্রভাবে দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম শক্তিশালী ঝড় চাম্পি ‘সুপার টাইফুনে’ পরিণত হয়েছিল। তবে বর্তমানে এটি কিছুটা দুর্বল হয়েছে। তারপরও ঝড়টির কেন্দ্রের কাছাকাছি বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটার বা ১৪১ মাইল রেকর্ড করা হয়েছে।
টাইফুনটি তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। এটি উত্তর দিকে মোড় নিয়ে চীনের উপকূল অতিক্রম করে জাপানের দক্ষিণাঞ্চলের দিকে এগিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঝড়টির ব্যাসার্ধ বেড়ে প্রায় ৩২০ কিলোমিটারে পৌঁছেছে। ফলে তাইওয়ানের অধিকাংশ এলাকা এর প্রভাবের আওতায় পড়েছে। উপকূলীয় এলাকায় ছয় মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ এবং পাহাড়ি অঞ্চলে এক মিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
এ পরিস্থিতিতে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে জনগণকে পাহাড়ি ও উপকূলীয় এলাকা এড়িয়ে চলার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।
দেশটির পরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার প্রধানত অভ্যন্তরীণ রুটের ১২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার খবর পাওয়া যায়নি।
তাইওয়ানের পাশাপাশি জাপানের কাছাকাছি দ্বীপগুলোতেও টাইফুনটির প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। জাপানের ওকিনাওয়া অঞ্চলের জনবসতিপূর্ণ দ্বীপ ইয়োনাগুনিতে ঝড়টি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
টাইফুনের কারণে জাপানের বিমান চলাচলেও বিঘ্ন ঘটেছে। দেশটির বিমান সংস্থা জাপান এয়ারলাইনস, এএনএ ও স্কাইমার্ক বৃহস্পতিবার থেকে রোববারের মধ্যে এক শটির বেশি ফ্লাইট বাতিল করেছে। এতে ১১ হাজারের বেশি যাত্রীর ভ্রমণ ব্যাহত হয়েছে।
এদিকে, তাইওয়ানসংলগ্ন জাপানি দ্বীপগুলোতে যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়া ‘কিন সোর্ড’ চলছে। প্রায় ৫৬ হাজার সেনার অংশগ্রহণে অনুষ্ঠিত এই মহড়ার সময়সূচি টাইফুনের কারণে পরিবর্তন করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় প্রতিদিন মহড়ার কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।
১০৬ বার পড়া হয়েছে