অর্থাভাবে থমকে ৫ মাসের শিশুর হৃদরোগ চিকিৎসা, সাহায্যের আবেদন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১১:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
জন্মগতভাবে হৃদ্যন্ত্রে ছিদ্র থাকা মাত্র পাঁচ মাসের শিশু আব্রাহাম রহমানের চিকিৎসার জন্য প্রয়োজন দুই লাখ টাকা। অর্থাভাবে চিকিৎসাসেবা নিশ্চিত করতে না পেরে সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান মানুষের সাহায্য চেয়েছেন সিরাজগঞ্জের হতদরিদ্র পরিবারটি।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের রাজমিস্ত্রি আব্দুল হালিমের ঘরে জন্ম নেয় শিশু আব্রাহাম রহমান। তবে জন্মের পর থেকেই শিশুটি জন্মগত হৃদ্রোগে ভুগছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির চিকিৎসায় দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন, যার জন্য খরচ হবে প্রায় দুই লাখ টাকা।
বর্তমানে পাঁচ মাস বয়সী আব্রাহামকে ঢাকার উত্তরা ১২ ও ১৩ নম্বর সেক্টরে অবস্থিত রেডিকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছে। একসঙ্গে বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা দিনমজুর বাবার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এতে সন্তানের জীবন বাঁচানো নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্বজনেরা।
শিশুটির বাবা আব্দুল হালিম জানান, রাজমিস্ত্রির কাজ করে অর্জিত সামান্য আয় দিয়ে সংসার চালাতেই তিনি হিমশিম খান। তাই এত টাকার চিকিৎসার ব্যয়ভার বহন করা তাঁর সামর্থ্যের বাইরে। এক অসহায় বাবা হিসেবে সন্তানের প্রাণ বাঁচাতে তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংস্থাগুলোর কাছে আকুল আবেদন জানিয়েছেন।
পরিবার ও স্থানীয় প্রতিবেশীরাও শিশুটিকে বাঁচাতে সবাইকে সাধ্যমতো এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
কেউ এই অসুস্থ শিশুটির চিকিৎসায় সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর: ০১৭৪১২৫৪১৮৫ (সজীব মন্ডল)।
১০৪ বার পড়া হয়েছে