প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপারের অভাব’ মন্তব্য, যুবক গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১১:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্নাইপারের অভাব’ মন্তব্য করার ঘটনায় আবু বকর সিদ্দিক নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) এ তথ্য নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় আবু বকর সিদ্দিক নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারের পর তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. গাজিউর রহমান জানান, মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ, এসআরবি ও অন্যান্য সংশ্লিষ্ট ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় আবু বকরকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে। ওই দিন বিকেল তিনটার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। পরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে বিমানবন্দর থেকে নগরে প্রবেশ করেন তিনি। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর যাতায়াতে ব্যবহৃত বাসের একটি ছবি ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’
মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়। পরে ওই মন্তব্যের সূত্র ধরে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তবে এ ঘটনায় আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
১১৮ বার পড়া হয়েছে