মোংলায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মী ও জনতার ঢল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শন উপলক্ষে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে মোংলায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে মোংলা বন্দর এলাকায় শুভেচ্ছা ব্যানার নিয়ে সড়কে অবস্থান নেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে মোংলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। তাঁকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে মোংলা বন্দর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোংলা পৌর ও উপজেলা শাখার উদ্যোগে নেতাকর্মীরা শুভেচ্ছা ব্যানার নিয়ে সড়কে অবস্থান নেন।
ব্যানারগুলোতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছিল। ব্যানারে লেখা ছিল, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মোংলায় শুভাগমনে শুভেচ্ছা ও অভিনন্দন।’
এ সময় মোংলা পৌর ও উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা মাহবুবুর রহমান মানিক বলেন, দেশের অন্যতম অর্থনৈতিক চালিকাশক্তি দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলা বন্দরে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বন্দরের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দেবেন বলে তাঁরা আশা করছেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মোংলা বন্দর এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে তাঁকে স্বাগত জানাতে মোংলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
১৫৩ বার পড়া হয়েছে