মরীচিকার ওপারে জীবন
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৭:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
জীবনের ভাঙাগড়া, সুখের মরীচিকা, মায়া ও বাস্তবতার দ্বন্দ্ব নিয়ে লেখা কবি লাকি জাদুর কবিতা ‘মরীচিকার ওপারে জীবন’। কবিতাটিতে স্বপ্নভঙ্গ, নিঃসঙ্গতা, হৃদয়ের শূন্যতা এবং ধ্বংসস্তূপের মধ্যেও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ফুটে উঠেছে। সুখের বাহ্যিক আয়োজনের আড়ালে লুকিয়ে থাকা অতৃপ্তি ও আত্মার গভীর আকাঙ্ক্ষা কবিতাটিকে দিয়েছে দার্শনিক ব্যঞ্জনা।
যতটা ভেঙেছি, ততটাও বিলীন নই,
ধ্বংসস্তূপেও না হারিয়ে, ঠের দাঁড়িয়ে রই।
ভাঙা পাঁজর জুড়ে আজও স্বপ্নেরা দেয় উঁকি,
নিভে যাওয়া প্রদীপেও লুকিয়ে থেকে শিখি।
সুখের মরীচিকায় বিভোর এ মন,
মায়ার মরুপথে খোঁজে আপনজন।
দিগন্তজোড়া রঙিন ছবি, ছুঁতে গেলেই ফাঁকি,
মেঘের বুকে প্রাসাদ গড়ি, শূন্যতাতেই থাকি।
যতই হাসির আড়াল টানি, ততই বাড়ে ক্ষয়,
নদী শুকালে ঢেউয়ের বুকে সাগর কোথায় রয়? ফুলের গায়ে সুবাস আছে, পরাগে নেই প্রাণ, হৃদয়হীন ভালোবাসা—নিষ্প্রাণ অভিমান।
বিলীন হওয়া আর ভেঙে পড়া এক কথা তো নয়, ছাইয়ের নিচে আগুন, শেষ কি তার পরাজয়? মরীচিকার মোহে মাতে চোখের দৃষ্টিকোণ,
বাস্তবতার স্পর্শ ছাড়া জীবন শুধুই স্বপন।
তাই তো আজও প্রশ্ন জাগে নীরব নিশীথে—
সুখের এত আয়োজন, তবু শূন্যতা বুকে থাকে?
যদি প্রাণের স্পন্দন না ছোঁয় আত্মার গভীর তল, তবে জীবন কি শুধুই মায়া—নাকি মরুর জল?
২৬৭ বার পড়া হয়েছে