শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়, কার্যক্রম শুরু ২০২৯ সালে
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ২:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ সচিবালয় রাজধানীর শেরেবাংলা নগরে স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। পুরোনো বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় কমপ্লেক্স নির্মাণ করে সরকারি দপ্তরগুলো সেখানে সরিয়ে নেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালে নতুন স্থানে সচিবালয়ের কার্যক্রম শুরু হবে।
বাংলাদেশ সচিবালয় রাজধানীর শেরেবাংলা নগরে স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এ লক্ষ্যে পুরোনো বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় কমপ্লেক্স নির্মাণ করা হবে। অবকাঠামো নির্মাণ শেষ হলে ২০২৯ সালে সেখান থেকে সচিবালয়ের কার্যক্রম পরিচালনা শুরু করার পরিকল্পনা রয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
বর্তমানে রাজধানীর আবদুল গনি রোডে বাংলাদেশ সচিবালয় অবস্থিত। সরকারি দপ্তরগুলোর জন্য নতুন কমপ্লেক্স নির্মাণ করে সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সভায় সচিবালয় স্থানান্তরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নীতিগত সিদ্ধান্তের পরদিনই সচিবালয় স্থানান্তরের প্রস্তাবিত প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করার জন্য পরিকল্পনা কমিশনকে চিঠি দেয় গণপূর্ত মন্ত্রণালয়।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, শেরেবাংলা নগরে নতুন সচিবালয় কমপ্লেক্স নির্মাণ ও প্রয়োজনীয় অবকাঠামো তৈরির কাজ শেষ হলে ২০২৯ সালে সেখান থেকে সরকারি দপ্তরগুলোর কার্যক্রম পরিচালিত হবে।
১৫২ বার পড়া হয়েছে