জৈন্তাপুরে ২৪ ঘণ্টায় দুই মাদকের চালান আটক, গ্রেপ্তার ৪
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ২:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটের জৈন্তাপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। দুটি ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা মাদক ও যানবাহনের মোট আনুমানিক মূল্য প্রায় ৩৭ লাখ টাকা।
সিলেটের জৈন্তাপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে মাদকের দুটি বড় চালান আটক করেছে পুলিশ। পৃথক অভিযানে একটি ট্রাক ও একটি সিএনজি অটোরিকশা থেকে ভারতীয় মদ, ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, প্রথম অভিযানটি চালানো হয় শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে। সিলেট-তামাবিল মহাসড়কের ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের হরিপুর পুলিশ চেকপোস্টে একটি ট্রাক তল্লাশি করে পুলিশ। ঢাকা মেট্রো-ট-২৪-৪৭৪১ নম্বরের ট্রাকটি থেকে ২১৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, ৪০ বোতল ফেনসিডিল ও ৪০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ টাকা। অন্যদিকে, জব্দ করা ট্রাকটির মূল্য প্রায় ২৮ লাখ টাকা। মাদক ও ট্রাক মিলিয়ে জব্দ করা মালামালের মোট মূল্য প্রায় ৩৭ লাখ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজন হলেন নওগাঁর পোরশা উপজেলার মো. মিরাজ বাবু (২৩), মহাদেবপুর উপজেলার মো. ইদ্রিস আলী (৩৮) এবং পত্নীতলা উপজেলার মো. রমজান হোসেন ওরফে তামিম (২৪)।
অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে ৯৬ বোতল ভারতীয় মদসহ একটি সিএনজি অটোরিকশা ও এর চালককে আটক করা হয়। পুলিশের ভাষ্য, সিএনজি অটোরিকশাটিতে বিশেষ কৌশলে মদ লুকিয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ২৪ ঘণ্টায় দুটি সফল অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার রোধে হরিপুর পুলিশ চেকপোস্টে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, মাদকবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
২১০ বার পড়া হয়েছে