সাতক্ষীরায় হাসপাতাল থেকে নিয়ে পিটিয়ে হত্যা: প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ১১:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার কথিত অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার রাতে কালীগঞ্জ উপজেলা থেকে তাকে আটক করা হয়। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ।
দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের বাসিন্দা নিহত ওয়াহিদুজ্জামান শামীমের সঙ্গে তাঁর স্ত্রীর একটি ব্যক্তিগত ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ওই অডিওর জেরে গত ১৩ অক্টোবর তাঁর বাড়িতে হামলা এবং স্থানীয় বাজারে তাঁকে মারধর করা হয়।
পরদিন চিকিৎসাধীন অবস্থায় এক পল্লিচিকিৎসকের চেম্বারে শামীমের ওপর আবারও হামলা হলে পুলিশ তাঁকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখান থেকে প্রধান আসামি ফজলুল হক আমিনী ও তাঁর সহযোগীরা নিরাপত্তাবেষ্টনী ভেঙে শামীমকে জোরপূর্বক টেনে বের করে বেধড়ক পেটান।
আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শামীমের মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং একটি পক্ষ অসংলগ্ন বক্তব্যকে ভিন্ন খাতে ঘুরিয়ে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই আব্দুল জলিল সানা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে দেবহাটা থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানায়, অন্য আসামিদের গ্রেপ্তার ও আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
১৫৭ বার পড়া হয়েছে