মুন্সীগঞ্জে সরকারি ভবনে রুফটপ সোলার প্যানেল স্থাপনে উদ্বুদ্ধকরণ সভা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ১১:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে সরকারি ভবনসমূহে সৌরবিদ্যুৎ উৎপাদনে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও সরকারি বিদ্যুৎ সাশ্রয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে আহ্বান জানানো হয়।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক এ কে এম ইরাদত হোসেন, সিভিল সার্জন ডা. সাজেদা বেগমসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তা ও অনলাইন মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ অংশ নেন।
সভায় জানানো হয়, জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপিত ৩ হাজার ৭১২ বর্গফুটের সোলার প্যানেল থেকে প্রতি ঘণ্টায় ৮০ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। গত এক মাসে এই প্রক্রিয়া থেকে প্রায় ১০ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে, যা নিজস্ব চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত অংশ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।
জেলা প্রশাসক সকল সরকারি দপ্তরকে নিজস্ব ভবনে সোলার প্যানেল বসানোর তাগিদ দেন। পরিবেশ রক্ষা এবং সরকারের বিদ্যুৎ নীতির কার্যকর প্রয়োগে এ ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদে সাশ্রয়ী ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
১৯৪ বার পড়া হয়েছে